সিলেট জেলা স্টেডিয়ামের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বুধবার (১ এপ্রিল) দুপুরে স্টেডিয়াম পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে জনগণের ভোটাধিকার হরণ করে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের নামে ব্যাপক মেগা দুর্নীতি হয়েছে। এর ফলে স্টেডিয়ামের বর্তমান নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামসহ দেশের প্রতিটি জেলায় একযোগে ‘নতুন ক্রীড়া কর্মসূচি’ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রথম পর্যায়ে ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ইভেন্ট আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন উপজেলার দল এবং ১২–১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নেবে।
তিনি আরও বলেন, জাতীয় ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনা হয়েছে এবং ধাপে ধাপে আরও প্রায় ৫০০ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হবে। এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী খুদে ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময়ও করেন এবং দুপুর ১টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, বিসিবি পরিচালক রাহাত শামস, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, ক্রীড়াবিদ রেজাউল করিম নাচন এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন