সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।
রোববার (৫ মার্চ) বিকেলে ব্যবসায়ীদের সরাসরি ভোটে এ কমিটি নির্বাচিত হয়।
নির্বাচন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া। তিনি প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে সাব্বির আহমদ ও সফাত উল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে আজিম আহমদ ৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফ মোক্তার পান ৪৫ ভোট।
কোষাধ্যক্ষ পদে ফখরুল ইসলাম নোমান ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সালাহ উদ্দিন পান ৫২ ভোট।
মোট ১২৩টি ভোটের মধ্যে কোষাধ্যক্ষ পদে দুটি এবং সাধারণ সম্পাদক পদে তিনটি ভোট বাতিল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক সফাত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আজিম আহমদ ও কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম নোমান নির্বাচনে অংশ নেওয়া সব ভোটারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন