লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ধবলসুতি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮২৬/১-এস-এর প্রায় ১০ গজ ভারতের অভ্যন্তরে গাটিয়ার ভিটা এলাকায় মিজানুর রহমান (২৮) নামের এক বাংলাদেশি নাগরিক ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে মিজানুর রহমানের কাঁধে আঘাত লাগে। আহত অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠান বলে জানা গেছে।
আহত মিজানুর রহমান উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের বাসিন্দা মফিজুল ইসলামের ছেলে। এদিকে ঘটনার পর স্থানীয় এলাকাবাসী শ্রী সাধন বর্মণ নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে আসে বলে জানা গেছে। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, ‘স্থানীয় এক কৃষক ওই সীমান্তে ঘাস কাটতে গেলে বিএসএফ গুলি ছোড়ে। এতে তার কাঁধে গুলি লাগে। এর প্রেক্ষিতে স্থানীয়রা এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে নিয়ে আসে। আহত ব্যক্তি অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন। ভারতীয় ব্যক্তি বিজিবির হেফাজতে রয়েছে বলে শুনেছি।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন