কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এক শিশু ও তার বাবা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বামনের হাট এলাকার আইরিন বেগম নামে এক রোগীকে দেখতে তার স্বামী ও সন্তান হাসপাতালে আসেন। তারা দ্বিতীয় তলায় উঠার পরপরই হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে উপস্থিত এক শিশু ও তার বাবা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের অধিকাংশ কক্ষই জরাজীর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. তানজিরুল ইসলাম বলেন, দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন