জরুরি সংস্কার, মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবার মানোন্নয়নের স্বার্থে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো নাটোর দপ্তরের আওতাধীন স্টেশন ফিডার এলাকায় গাছের ডালপালা কাটার কাজ চলবে। এ কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
অন্যদিকে, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ–৩ জানিয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাধীন একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
শাটডাউন চলাকালে সঞ্চালন লাইন সচল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

