নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রামনাথপুর এলাকায় পানি নিষ্কাশনের প্রধান পথ বক্স কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগে ক্ষোভে ফুঁসছে কৃষকরা। এখনো বড় ধরনের জলাবদ্ধতা তৈরি না হলেও, যেকোনো সময় পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে—এমন আশঙ্কায় ১০০ একরের বেশি ফসলি জমি নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সীমান্ত সড়কের পাশে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শতাধিক কৃষক, শ্রমজীবী ও স্থানীয় বাসিন্দা।
এ সময় তারা ব্যানার-প্ল্যাকার্ড হাতে কালভার্টের মুখ খুলে পানি চলাচল স্বাভাবিক করার জোর দাবি জানান।
স্থানীয়দের দাবি, রামনাথপুর পূর্বপাড়ার বিস্তীর্ণ কৃষিজমির পানি এতদিন বক্স কালভার্ট দিয়ে বুইদ্ধার বিল হয়ে সীমান্তঘেঁষা খালে গিয়ে পড়ত। কিন্তু সম্প্রতি কালভার্টের মুখে মাটি ফেলে পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে এখনো পানি জমে না থাকলেও সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা শুধু পানি চলাচলের পথ বন্ধ নয়, এটা কৃষকের জীবিকার ওপর সরাসরি আঘাত। এখনই ব্যবস্থা না নিলে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই শত একর জমির ফসল পানির নিচে তলিয়ে যাবে।’
তারা অভিযোগ করেন, প্রভাবশালীদের অপরিকল্পিত বাড়ি নির্মাণ ও মাটি ভরাটের কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় কৃষকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
মানববন্ধন থেকে অবিলম্বে প্রশাসনের কাছে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। যেন আসন্ন বর্ষা মৌসুমের আগেই কৃষিজমি রক্ষা করা সম্ভব হয় এবং কৃষকরা সর্বনাশের হাত থেকে বাঁচতে পারেন।

-20260409175708.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন