ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের কাভার্ডভ্যানের ধাক্কার ঘটনায় এক ব্যক্তি নিহত ও ১২ জন আহত আহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) রাত ১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাসুদ। তিনি বরগুনার আমতলী উপজেলার মধ্যচন্দ্রা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী স্বপ্নতরী পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ নিহত হন এবং বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ফায়ার সার্ভিসের শ্রীনগর স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

