গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কোনাবাড়ী আমবাগ এলাকায় গাজীপুর জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর বাজার দর নিয়ন্ত্রণে রাখতে বিশেষ এই অভিযান চালানো হয়। অভিযানে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে শাহিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ৪০ হাজার টাকা এবং জিয়াউর রহমান এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছিল।
জেলা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান ও নুর নাহিদ নিশাদ। অভিযানে এনএসআই-এর কর্মকর্তাদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা উপস্থিত থেকে আইনগত সহায়তা প্রদান করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সাংবাদিকদের জানান, জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের মূল্য সরকার নির্ধারিত। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে কিংবা সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দাম আদায় করছে- এমন অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা জানান।

-20260413202055.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন