কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সামনে অবস্থিত মডেল হাসপাতালের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার পারভেজ বুধবার (২২ এপ্রিল) সকালে নিজ প্রতিষ্ঠানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। মৃত আনোয়ার পারভেজ ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়ার এলাকার ইন্তাজ আলীর পুত্র।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, পারভেজ সকাল থেকেই হাসপাতালে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি ভবনের নিচতলার একটি রুমে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
পরে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে ভেড়ামারা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
নিহত আনোয়ার পারভেজের স্ত্রী ও ৬ বছর এবং ৩ মাস বয়সী দুই ছেলে সন্তান রয়েছে।
তার মা আন্না বেগম বলেন, বাড়িতে কারও সঙ্গে কোনো ধরনের ঝগড়া ছিল না। মঙ্গলবার তিনি বাড়ি থেকে শ্বশুরবাড়ি যান এবং রাতে হাসপাতালে ছিলেন।
সকালে তার বাবার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ওটি আছে, বাড়ি যেতে দেরি হবে।’
ভেড়ামারা থানার ওসি জাহিদুর রহমান বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন