ভারতের বিধানসভা নির্বাচনকে ঘিরে টানা তিন দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে শুধুমাত্র জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভোটাররা ভারতে প্রবেশ করতে পারবেন। পচনশীল পণ্যের আমদানি-রপ্তানি চলবে। ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শ্রীমতী শিল্পা গৌরীসারিয়া, আইএএস স্বাক্ষরিত গত ২৪ এপ্রিলের এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট তার পত্রে উল্লেখ করেছেন, জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মানুষ ও যানবাহন চলাচল সীমিত রাখতে উত্তর ২৪ পরগণার সব আন্তর্জাতিক স্থল সীমান্ত এবং প্রবেশ ও বাহির হওয়ার পথ বন্ধ থাকবে।
তবে পচনশীল পণ্য এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ থাকলেও শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজনে বাংলাদেশ থেকে ভারতে গমন এবং ভোটের জন্য পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তনকারী ভোটাররা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্বাচন উপলক্ষে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে টানা তিন দিন এ পথে পচনশীল পণ্য ছাড়া অন্য কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে সব ধরনের পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি এম শাখাওয়াত হোসেন জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে নির্বাচন উপলক্ষে তিন দিন যাত্রী চলাচল সীমিত করা হয়েছে। শুধুমাত্র জরুরি চিকিৎসার (মেডিকেল ভিসা) জন্য বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা যাতায়াত করতে পারবেন। এছাড়া ভারতীয় যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা ভোট দেওয়ার জন্য ভারতে ফিরে যেতে পারবেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টা থেকে সব ধরনের পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক হবে।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, ভারতে নির্বাচনের কারণে টানা তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে। ভারত থেকে কোনো পচনশীল পণ্য এলে তা দ্রুত খালাস করা হবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন