জরুরি সংস্কারকাজের কারণে আজ মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জ শহরের সব এলাকায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
পিডিবির স্থানীয় সূত্র জানায়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সংযোগ লাইনের একটি টাওয়ারের গোড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ শহরের কালিপুর হাওর এলাকায় অবস্থিত ওই টাওয়ারের পরিবর্তে নতুন পোল স্থাপনের জন্য জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হয়েছে।
এ কারণে সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত সংযোগ পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।
সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ বলেন, লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতেই এই জরুরি মেরামতকাজ পরিচালনা করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

