নড়াইল সদর উপজেলায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তার খাদিজা (২২) নামে এক গৃহবধূকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাকিব শেখের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাকিব শেখকে আটক করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত চাঁদনী আক্তার খাদিজা খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৪ মে) খুলনার ফুলতলা থেকে নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে খালাশাশুড়ির বাড়িতে সপরিবারে বেড়াতে আসেন সাকিব ও তার স্ত্রী চাঁদনী। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত।
মঙ্গলবার রাত দেড়টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন সাকিব। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ঘটনাটি ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, হাসপাতালে নিহতের পরিবার দাবি করেছিল যে, অসাবধানতাবশত বঁটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন। কিন্তু ঘটনাস্থলের আলামত এবং সাকিবের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় আমরা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
অজয় কুমার কুণ্ডু আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন