ময়মনসিংহের ভালুকায় নৌকা ভ্রমণে গিয়ে বিলে নিখোঁজ হওয়ার পরদিন লাবিব খান (২২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৮ মে) সকালে পৌর শহরের হরি বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (৬ মে) দুপুরে ওই বিলে তিনি নিখোঁজ হন।
নিহত লাবিব খান পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার শাহিন খানের ছেলে এবং চাপড় বাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লাবিব খান বুধবার দুপুরে মাদ্রাসায় ক্লাস শেষে বাসায় ফেরার পথে বন্ধুদের নিয়ে ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরি বিলে নৌকা চালাতে যান। নৌকা চালানোর একপর্যায়ে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করেও তার সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে লাবিবের মরদেহ উদ্ধার করে।
ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, খবর পেয়ে বুধবার উদ্ধার অভিযান পরিচালনা করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার সকালে আবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে লাবিব খানের মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন