সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বাংলাদেশের কবি নন, তিনি বিশ্ব মানবতা ও সাম্যের প্রতীক। ময়মনসিংহের ত্রিশালের মাটি কবির শৈশব ও কৈশোরের নানা স্মৃতির ধারক। তাই এ অঞ্চলে নজরুল জয়ন্তী উদযাপন বিশেষ আবেগ ও গৌরবের বিষয়।
সোমবার (১১ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে বিভাজন ও সংঘাত দূর করে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। দেশের উন্নয়ন ও প্রজাতন্ত্রের কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। অন্যায় করলে সবার জন্য সমান বিচার নিশ্চিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
নজরুলের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নিতাই রায় চৌধুরী বলেন, সরকার নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনদর্শনকে বিশ্বদরবারে তুলে ধরতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে ত্রিশালসহ ময়মনসিংহের নজরুল স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ ও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, নজরুলের ‘বিদ্রোহী’ চেতনা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। তাঁর গান ও কবিতা মানুষের হৃদয়ে মানবতা ও আধ্যাত্মিক প্রশান্তির বার্তা পৌঁছে দেয়।
এবারের নজরুল জয়ন্তীর আয়োজনে তৃণমূল পর্যায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
সভায় বক্তারা বলেন, নজরুলের সাহিত্য বাঙালি জাতির অমূল্য সম্পদ। তার গান ও কবিতা দেশের মুক্তিসংগ্রাম ও গণমানুষের প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।
বিশেষ করে ত্রিশালের দরিরামপুর ও কাজীর শিমলা এলাকায় কবির কাটানো সময়কে স্মরণ করে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনারের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, বিএনপির যুগ্ম মহাসচিব সাঈদ ইমরান সালেহ প্রিন্স, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাজাঙ্গীর আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।
সভা শেষে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ত্রিশালের নজরুল একাডেমি, নজরুল মঞ্চ এবং কাজীর শিমলা দারোগাবাড়ি সংলগ্ন কবি নজরুল স্মৃতিকেন্দ্র পরিদর্শন করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন