লক্ষ্মীপুর শহরে গভীর রাতে সড়কে যানবাহন থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে জাকির হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির পরনে লক্ষ্মীপুর পৌরসভার টোল আদায়কারীদের ব্যবহৃত পোশাক ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে ঘটনার পরপরই তার পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, জাকির চলন্ত ট্রাক থামিয়ে চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে সদর মডেল থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, সড়কে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন