চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৩০ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশিতে তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ার (বিআইএ সাইগন লেগার) উদ্ধার করা হয়। এ সময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
এছাড়া আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৬ হাজার ২০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত বিদেশি বিয়ার, অন্যান্য আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন