কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাক গ্রামে পাওনা ৮০০ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হামিদ (১৯) ঈদগাঁও জালালাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড লরাবাক এলাকার আবুল কালামের ছেলে এবং স্থানীয় একটি মোবাইল সার্ভিসিং সেন্টারের কর্মচারী ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত একই এলাকার মোহাম্মদ সিদ্দিকের ছেলে মোহাম্মদ শামীমকে (১৮) আটক ও কয়েকজন নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল মেরামত বাবদ শামীমের কাছে মো. হামিদ ৮০০ টাকা পাওনা ছিল। সোমবার সকালে ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে শামীম ধারালো অস্ত্র দিয়ে হামিদকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈদগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি এবং ঈদগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় জনতা ঘাতক শামীমকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শামীমকে আটক করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ আরও কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন