বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ফুটবলপ্রেমীদের উদ্যোগে এলাকার বিভিন্ন সড়ক, অলিগলি ও সেতুর দুপাশে টানানো হয়েছে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রঙিন পতাকা। ফলে পুরো এলাকাজুড়ে যেন বসেছে পতাকার মেলা।
শনিবার (৬ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, তালোড়া-দেওগ্রাম সড়কের নাগর নদীর সেতু সংলগ্ন এলাকায় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, পর্তুগালসহ বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা শোভা পাচ্ছে। সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সারিবদ্ধভাবে টানানো এসব পতাকা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে।
বিশ্বকাপকে কেন্দ্র করে বিশেষ করে তরুণ ও কিশোরদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। স্থানীয় বাজারগুলোতে বিভিন্ন দেশের পতাকা তৈরি ও বিক্রির ধুম পড়েছে। অনেককে নিজ নিজ পছন্দের দলের জার্সি পরে ঘোরাফেরা করতেও দেখা গেছে।
কয়েকজন ফুটবলপ্রেমীর সঙ্গে কথা হলে তারা জানান, এলাকায় আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিভিন্ন দেশের সমর্থক রয়েছেন। আর্জেন্টিনার এক সমর্থক বলেন, ‘আমার প্রিয় দলের খেলোয়াড়রা অত্যন্ত দক্ষ ও কৌশলী। তাই তাদের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে।’
অন্যদিকে ব্রাজিলের এক সমর্থক বলেন, ব্রাজিলের খেলোয়াড়দের নৈপুণ্য ও আক্রমণাত্মক ফুটবল আমাকে সবসময় মুগ্ধ করে।
তবে দলগত সমর্থনে ভিন্নতা থাকলেও সবাই নিজ নিজ প্রিয় দলকে ফাইনালে দেখতে এবং শিরোপা জিততে আশাবাদ ব্যক্ত করেছেন।
তালোড়া পৌর এলাকার দক্ষিণ সাবলা মহল্লার কুতুবুল আলম ও বাঁশোপাতা মহল্লার সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের প্রিয় দল আর্জেন্টিনা। তাই আমরা প্রিয় দলের পতাকা টানিয়েছি। পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান যেন অক্ষুণ্ন থাকে, সে বিষয়েও আমরা সচেতন রয়েছি।’
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তালোড়ার এই আয়োজন ফুটবলপ্রেমীদের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয়দের মতে, খেলাধুলার এমন উৎসব পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন