নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ফল উৎসবের সভামঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় জাতীয় যুবশক্তি রূপগঞ্জ শাখার যুগ্ম সদস্য সচিবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এগিয়ে আসেন বলে দাবি করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর।
এনসিপির নারায়ণগঞ্জ জেলা দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন তারেক জানান, উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল-আমীনসহ কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
তাদের অভিযোগ, দুপুর তিনটার দিকে হঠাৎ করে বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে একদল হেলমেটধারী ব্যক্তি সভামঞ্চে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এতে জাতীয় যুবশক্তি রূপগঞ্জ শাখার যুগ্ম সদস্য সচিব আল ফারাবীসহ কয়েকজন আহত হন। পরে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন