গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এলাকায় চাঁদা দাবির অভিযোগে যুবদলের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
সোমবার (৮ জুন) সকালে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি সাব্বির আহমেদ শামীম (৩০)। তিনি ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগকারী নুরুদ্দিন খন্দকার খোকন জানান, তিনি রুদ্রপুর এলাকায় প্রায় ১১ দশমিক ৫৫ শতাংশ জমির মালিক। সম্প্রতি ওই জমিতে উন্নয়নকাজের অংশ হিসেবে বালু ভরাট শুরু করেন।
গত রোববার (৭ জুন) বিকেলে বালু ভরাটের কাজ চলাকালে সাব্বির আহমেদ শামীম ও তার কয়েকজন সহযোগী সেখানে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেন এবং টাকা না দিলে জমিতে কোনো ধরনের উন্নয়নকাজ করতে দেওয়া হবে না বলে জানান।
নুরুদ্দিন খন্দকার আরও অভিযোগ করেন, সোমবার সকালে পুনরায় বালু ভরাটের কাজ শুরু হলে সাব্বির ও তার সহযোগীরা আবারও ঘটনাস্থলে এসে চাঁদা দাবি করেন।
একপর্যায়ে তাদের বাধার মুখে কথা–কাটাকাটি হলে তাকে মারধর করা হয়। এতে তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একপর্যায়ে গলা চেপে ধরে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে উত্তেজিত জনতা সাব্বির আহমেদ শামীমকে আটক করে রাখে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সাব্বির আহমেদ শামীম। তিনি বলেন, বালু ভরাটের কাজ তাদের জমির ওপর দিয়ে পরিচালিত হচ্ছিল। সে কারণে তিনি বাধা দিয়েছেন। চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়।
ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার কর বলেন, এ ঘটনায় নুরুদ্দিন খন্দকার নামে একজন লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে সাব্বির আহমেদ শামীমকে গ্রেপ্তার করার পর মামলার রুজু করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন