পাবনায় ছেলের সামনে হোসেন আলী (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসায় ছেলে রোহানকে (১২) রাখতে গিয়েছিলেন হোসেন আলী। মাদরাসার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা ছেলের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হোসেন আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ওসি আরও জানান, গুলি করে পালিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা দুর্বৃত্তদের ধাওয়া করে। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন