নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে ২ যুবক ও এক কিশোরীর মৃত্যৃ হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে দক্ষিণ কদমতলী নাভানা ভূঁইয়া সিটি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আদমজী ফায়ার সার্ভিসের ডুবরী দল প্রায় ২ ঘণ্টা লেকে তল্লাশী চালিয়ে ৩ জনের মৃতদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মনাগ গ্রামের দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া থানার রঘুনাথপুর গ্রামের আকরামের ছেলে মো. গালিব (১৮) ও মেয়ে সুরাইয়া (১২)। তারা সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকার অ্যাডভোকেট জালালের বাড়ির ভাড়াটিয়া। তারা সম্পর্কে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ৩ জনই সাঁতার জানতেন। তারা লেকে গোসল করতে নেমে সাঁতার কাটছিল। একপর্যায়ে তারা প্রথমে লেকের ঘাটের নিচ দিয়ে ডুব ও সাঁতার কেটে একপাশ থেকে অন্যপাশে যায়। ফিরে আসার সময় ডুব দেওয়ার পর প্রায় আধা ঘন্টা পার হলেও আর পানির নিচ থেকে ভেসে ওঠেনি।
পরে থানা পুলিশ ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালায়। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত তল্লাশী চালিয়ে প্রথমে ভগ্নিপতি রাশেদুজ্জামান ও তার শ্যালক গালিবের মৃতৃদেহ উদ্ধার করা হয়। এর ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় শ্যালিকা সুরাইয়ার লাশ।
আদমজী ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, লেকের পানিতে ৩ জন তলিয়ে যাওয়ার খবর পেয়ে আমাদের ডুবরী দল ঘটনস্থলে ছুটে যায়। বিকেল ৫টার দিকে দুজন ও ৬টার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়। পানিতে তলিয়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক নিরস্ত্র মো. শাহ আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। শ্যালক ও শ্যালিকাকে নিয়ে ভগ্নিপতি রাসেদুজ্জামান লেকে গোসল করতে আসে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন