সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স খুলে মাত্র চার দিনের ব্যবধানে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেছে। সোমবার (২২ জুন) বিকেলে আটটি দানবাক্সের অর্থ গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন সিলেট-সুনামগঞ্জ ওয়াকফ অফিসার সজল মিয়া।
তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশে গঠিত একটি কমিটি গত ১৮ জুন মাজারের দানবাক্সগুলো সিলগালা করে। পরে সোমবার জোহরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে সেগুলো খুলে গণনার কাজ শুরু হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাজার প্রাঙ্গণেই সবার সামনে পুরো গণনা কার্যক্রম সম্পন্ন করা হয়।
সজল মিয়া আরও বলেন, মাজারে আগে থেকে থাকা চারটি দানবাক্সের সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত নতুন চারটি দানবাক্স মিলিয়ে মোট আটটি দানবাক্স থেকে ডাবল লক অবস্থায় নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাওয়া গেছে ৭ আনা স্বর্ণালংকার এবং কিছু সৌদি রিয়াল। সংগৃহীত অর্থ সোনালী ব্যাংকের সিলেট কর্পোরেট শাখায় জমা রাখা হবে।
এর আগে দুপুরে দরগাহ মসজিদে জোহরের নামাজ আদায় করেন সদ্য প্রত্যাহার হওয়া সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। পরে তিনি জামেয়া ও এতিমখানা কার্যালয়ে কয়েক ঘণ্টা অবস্থান করেন। তার তত্ত্বাবধানেই দানবাক্স খোলা, অর্থ উত্তোলন এবং প্রকাশ্যে গণনার পুরো কার্যক্রম পরিচালিত হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন