কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার মিঠাপানিরছড়া ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় সন্দেহভাজন একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা ইয়াবা, সিএনজি এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন