ফেনীর ফুলগাজীতে টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার আলোচিত ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে র্যাব। ঘটনার মূলহোতা হিসেবে নিহতের দূরসম্পর্কের ভাগিনা আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, ঋণের টাকা পরিশোধের উদ্দেশ্যে কুয়েতপ্রবাসীর স্ত্রী কুলসুমা আক্তার কাজলের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে আরিফ। ঘটনাকালে কাজল তাকে দেখে ফেললে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
র্যাবের তথ্যমতে, ফজরের নামাজের সময় স্থানীয় লোকজন ঘর থেকে বের হওয়ার পর কুলসুমা আক্তার কাজলের গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা বাড়িতে জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে আরিফ ঘরের পেছনের দরজা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় ফেনী র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তারা জানান, ঘটনার তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে একমাত্র অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়।
উল্লেখ্য, টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন