নওগাঁয় জেলা প্রশাসন ও জেলা কালচারাল অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও অনুদানপ্রাপ্ত ব্যক্তিবর্গের মাঝে সরকারি অনুদানে চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা কালচারাল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফারুকুর রহমান ফয়সল। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা সিদ্দিকা বলেন, সংস্কৃতি হলো একটি জাতির দর্পণ। প্রান্তিক পর্যায়ের সাংস্কৃতিক চর্চাকে বেগবান করতে এবং এর সাথে জড়িত কর্মীদের মূল্যায়নে সরকারের এই অনুদান অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে। এই সহায়তা স্থানীয় পর্যায়ে সুস্থ সংস্কৃতি বিকাশে কর্মীদের আরও বেশি উৎসাহিত করবে।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে জেলার মোট ২৪টি সাংস্কৃতিক সংগঠনের মাঝে মোট ১২,৪৭,০০০ টাকা এবং ১৪২ জন সাংস্কৃতিক কর্মীর মাঝে মোট ৩৬ লাখ ২৫ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে।
অনুদানের চেকপ্রাপ্ত উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে- একুশে পরিষদ, নওগাঁ সাহিত্য পরিষদ, নজরুল একাডেমি, বাংলাদেশ যাত্রা শিল্পীসহ বিভিন্ন সংগঠন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন