টানা এক সপ্তাহের বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দ্রুত বাড়ছে কাপ্তাই হ্রদের পানির স্তর। সোমবার সকালে হ্রদের পানির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ ফুট অতিক্রম করেছে। একই সঙ্গে কাপ্তাই-কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট মিলিয়ে বিদ্যুৎ উৎপাদনও ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ দশমিক ৬০ ফুটে পৌঁছেছে। আগের দিন রাত পর্যন্ত এই উচ্চতা ছিল ৯৯ দশমিক ১৫ ফুট।
তিনি আরও জানান, একই সময় পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ উৎপাদন। এর আগে গত বছরের নভেম্বর পর্যন্ত উৎপাদন ২০০ মেগাওয়াটের বেশি থাকলেও, ডিসেম্বর থেকে হ্রদে পানির স্বল্পতার কারণে তা ২০০ মেগাওয়াটের নিচে নেমে আসে।
বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী প্রকৌশলীরা জানান, বর্তমানে ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ১৬০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সব মিলিয়ে পাঁচটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন