× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:১৮ পিএম

ফার্মের মুরগিরাই আপনাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে : হাসনাত আব্দুল্লাহ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:১৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেছেন, মন্ত্রী সাহেব যাদের ‘ফার্মের মুরগি’ বলছেন, সেই ফার্মের মুরগিরাই একদিন রাজপথে নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন। এই ফার্মের মুরগি রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা কিছু যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নামলেও তাদের ‘মাদকাসক্ত’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থার উন্নয়নের পরিবর্তে ‘স্ট্যান্ডবাজি’ ও ‘টেন্ডারবাজিতে’ বেশি দক্ষ। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বন্যাকবলিত অবস্থায় হাঁটু পানিতে দাঁড়িয়ে পরীক্ষায় অংশ নিতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। এছাড়া একটি পরীক্ষার প্রশ্নপত্রে দুটি সৃজনশীল প্রশ্নে ভুল থাকায় পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়েও সরকারকে সমালোচনা করেন এনসিপি নেতা। তিনি বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারাসহ পার্বত্য চট্টগ্রাম ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ টানা সাত দিনের বেশি সময় ধরে বন্যার দুর্ভোগে মানবেতর জীবনযাপন করছেন। কিন্তু এখনো সরকার পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বন্যা শুরুর পরই পার্বত্য চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত এক প্রতিমন্ত্রী হজ পালনে বিদেশে চলে গেছেন। একই সময়ে প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকায় না গিয়ে বরিশাল সফরে গেছেন বলেও সমালোচনা করেন তিনি। তার দাবি, চট্টগ্রামের দুর্গত মানুষের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা মাথাপিছু ৩০ টাকারও কম, অথচ জাতীয় রাজস্বে চট্টগ্রামের অবদান হাজার হাজার কোটি টাকা।

সংবিধান ও জাতীয় নির্বাচন প্রসঙ্গেও বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাবি করেছেন, সংবিধান সংস্কার কমিটির কোনো সংবিধান লেখার এখতিয়ার নেই। এর জবাবে তিনি বলেন, যদি সেটি সত্য হয়, তাহলে ২০২৬ সালের জাতীয় নির্বাচনও সংবিধান অনুযায়ী নয়। তার ভাষ্য, সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। তিনি অভিযোগ করেন, সরকার কেবল ব্যক্তি পরিবর্তন করেছে, কিন্তু পূর্ববর্তী শাসনব্যবস্থার কাঠামোগত পরিবর্তন আনতে পারেনি। জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেওয়ার অভিযোগও তোলেন তিনি।

পথযাত্রায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এদিন সোনারগাঁ মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া পদযাত্রাটি মোগরাপাড়া চৌরাস্তা গিয়ে শেষ হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!