শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’। কেননা, আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদের দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না। আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সেভাবেই গড়ে তুলছি।
শনিবার (১৮ জুলাই) ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর শিক্ষার্থী পড়তে আসত। এখন এ দেশ থেকে শিক্ষার্থীরা বিদেশে পড়তে যায়।
তিনি বলেন, ‘আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আরও আগ্রহী হবে। আমাদের লক্ষ্য এ দেশকে আন্তর্জাতিক ‘এডুকেশন হাব’-এ পরিণত করা।’
এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। এ দেশ থেকে যারা দেশের বাইরে পড়তে গেছে, তারা ভালো ফলাফল ও সুনাম অর্জন করেছে।
তিনি বলেন, এ দেশে প্রচুর জনসম্পদ রয়েছে। এই জাতি গঠনে আমাদের যে অপার সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হলে আমাদের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, কোনো অঞ্চলে বিশ্ববিদ্যালয় হলে, সেই অঞ্চলের চাহিদার দিকেও নজর রাখতে হয়। এই অঞ্চলে যেহেতু প্রচুর পরিমাণে আম ও অন্যান্য ফসল উৎপাদন হয়, তাই সেদিকে লক্ষ্য রেখে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে নতুন বিষয় চালু করা যেতে পারে। সেক্ষেত্রে ‘ফুড টেকনোলজি’র মতো বিষয়গুলো সংযুক্ত করা যেতে পারে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. এস. এম. আমানুল্লাহ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ ছাড়া নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন