রাজশাহী মহানগরীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা), রাজশাহীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে রাজশাহী নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “শহরটা আমাদের সবার। আপনাদের সহযোগিতায় রাজশাহীকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি জানান, ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে আরও এসটিএস নির্মাণ করা হবে।
তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড স্প্রে কার্যক্রম চলমান রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে সচেতন থাকতে হবে। নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও জলাবদ্ধতামুক্ত রাজশাহী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্য বাস্তবায়নে রেডার সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম। এ সময় বক্তব্য দেন রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাসিকের সচিব মো. সোহেল রানা, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই সাঈদ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন, নগর পরিকল্পনাবিদ বনি আহসানসহ রেডার সদস্যরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন