× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ১০:১৭ পিএম

সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ২ চিকিৎসক ১ নাইট গার্ড বরখাস্ত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ১০:১৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দেশে গত ১৭ বছরে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে তীব্র জনবল সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ কারণে বর্তমানে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অপ্রতুল।

রোববার (২৬ জুলাই) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল এবং তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালগুলোর চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, ওয়াশরুম, বাথরুম এবং রোগীদের খাবারের মান পরিদর্শন করেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরে গিয়ে রান্না করা তরকারি ও মাংসের ঝোল নিজেই পরীক্ষা করেন। খাবারের গুণগত মান ও রান্নাঘরের পরিচ্ছন্নতায় সন্তোষ প্রকাশ করলেও চিকিৎসাসেবায় অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন।

হাজিরা খাতায় অনিয়মে ক্ষোভ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খুদরত-ই-খুদার কক্ষে চিকিৎসকদের হাজিরা খাতা পরীক্ষা করে অনেকের টানা ৮ থেকে ১০ দিন স্বাক্ষর না থাকা এবং কয়েকজন চিকিৎসকের অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

একই সঙ্গে জেলার হাসপাতালগুলোতে যথাযথ তদারকি না করায় সিভিল সার্জন ডা. আব্দুস সালামের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে হাজিরা খাতায় জালিয়াতি, অনুপস্থিতি কিংবা তদারকির গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন।

২ চিকিৎসক ও ১ নাইট গার্ড বরখাস্তের নির্দেশ

আকস্মিক পরিদর্শনে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকটি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১০টার দিকে পরিদর্শনের সময় দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চিকিৎসক ডা. শাওলি নানজীবা তন্নির বিরুদ্ধে বিভাগীয় মামলা ও সাময়িক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে হাসপাতালের চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাইট গার্ড মোস্তফাকেও বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, দুপুর ১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনের সময় এক বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চিকিৎসক ডা. সোহানা সেলিমকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন পরিকল্পনা

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, ৫০ শয্যার উপজেলা হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে আধুনিক ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ডায়াগনস্টিক, প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি পর্যায়ক্রমে ডায়ালাইসিস সুবিধাও চালু করা হবে।

এ ছাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোকে আধুনিক ও শতভাগ কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে খুব শিগগিরই দেশব্যাপী সমন্বিত 'স্বাস্থ্য কার্ড (Health Card)' বিতরণ কার্যক্রম শুরু হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কায়সার আজিজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী আরিফ আহমেদ, হাসপাতালের পরিচালক ডা. খুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা-২ আসনের সংসদ প্রার্থী আব্দুর রউফ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রাইহান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ অর্ঘ্যসহ স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!