পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রথম অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ আকারে কিছু কথা বলেছি। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন। তারা দেশের বিভিন্ন এলাকায় সভা করছেন। কিন্তু পরিণত রাজনৈতিক আচরণ ও দেশপ্রেমের যে বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন, সেগুলো নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছি না।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পানিসম্পদমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে বিদায় নিয়েছে এবং গত ১৭ বছর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, চাকরি দেওয়া থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কার্যক্রমে তাদের সেই ধারা অনুসরণ করলে জনগণ কখনো আমাদের ওপর আস্থা রাখবে না। জবাবদিহির ক্ষেত্রেও আমরা পিছিয়ে পড়ব। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই দেশে আমাদের পাশাপাশি আরও অনেক রাজনৈতিক দল রয়েছে। ১৭ বছর আওয়ামী লীগের শাসন দেখার কারণে মানুষ তাদের সম্পর্কে অভ্যস্ত হয়ে গেছে। এখন তাদের নিয়ে আলাদা করে বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে না। আমার কথায় কেউ যেন আহত না হন বা কষ্ট না পান—এ বিষয়টি আমরা নেতাকর্মীদের বারবার স্মরণ করিয়ে দিই।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদৌস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন