ঝিনাইদহে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার শিশু সাইমা খাতুন সাবার হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করা হবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, যারা এ ঘটনার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে, তারা যত ক্ষমতাবানই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ঝিনাইদহ সার্কিট হাউসে নিহত শিশু সাইমা খাতুন সাবার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, ‘শিশু সাবা হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় কেউ বাধা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আমরা আইনি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। এজন্যই জুলাই বিপ্লবের পর থেকে দেশে কোনো ক্রসফায়ারের ঘটনা দেখা যায়নি। আমরা দেশে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতিও বন্ধ করেছি।’
প্রসঙ্গত, বুধবার সকালে ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে ৩ বছরের কন্যা সাইমা খাতুন সাবা নিখোঁজ হয়। পরে রাত ১০টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শান্তনা খাতুনকে আটক করা হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন