ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খুলনায় অস্ত্র কারখানার সন্ধান

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:২২ এএম

খুলনার জোড়াগেট এলাকায় অবৈধ অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। নগরের কাছাকাছি এলাকায় এমন কারখানা থাকার বিষয়টি উদ্বেগজনক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার একটি দল ওই কারখানায় অভিযান চালায়।

কেএমপির উপকমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম জানান, জোড়াগেট এলাকায় অস্ত্র তৈরির একটি কারখানা থাকার বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ, ছাঁচ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, নগরের এত কাছে অবৈধ অস্ত্র কারখানা থাকা অত্যন্ত উদ্বেগের বিষয়।

গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, অস্ত্র তৈরির কারিগরকে পাবনার ঈশ্বরদী এলাকা থেকে আনা হয়েছিল। জোড়াগেট এলাকায় অস্ত্রের বিভিন্ন অংশ তৈরি করা হলেও চূড়ান্ত সংযোজন করা হতো অন্য একটি স্থানে। পরে এসব অস্ত্র খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের সন্ত্রাসী ও জলদস্যু চক্রের কাছে সরবরাহ করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডিবি সূত্র জানায়, অভিযানে আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলমান ছিল। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন গোয়েন্দা শাখার কর্মকর্তারা।