বগুড়ার সোনাতলা রেল স্টেশনের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা আনুমানিক সাড়ে ৩টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রেল স্টেশনের অদূরে একটি ডোবায় কচুরিপানার নিচে মরদেহটি দেখে স্থানীয়রা প্রথমে সন্দেহ করে। পরে বিষয়টি সোনাতলা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহটি একজন বৃদ্ধা নারীর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত এবং দীর্ঘ সময় পানিতে থাকায় অর্ধগলিত। ফলে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধ কিংবা পারিবারিক শত্রুতার জেরে ওই বৃদ্ধাকে হত্যা করা হতে পারে। হত্যার পর মরদেহ গোপন করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ডোবার মধ্যে কচুরিপানার নিচে লুকিয়ে রাখে বলে তারা মনে করছেন। তবে বিষয়টি তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও উৎসুক জনতা ভিড় জমায়। এ সময় এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
সোনাতলা থানার ওসি মো. কবির হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত বৃদ্ধার পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হচ্ছে। পাশাপাশি এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে কোনো বৃদ্ধা নিখোঁজের ঘটনা রয়েছে কি না সে বিষয়েও তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন