ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শীতকালে বেগুন চাষে কৃষকের উল্লাস

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৩:৩৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

উপকূলীয় লবণাক্ত জেলা বাগেরহাটে শীতকালীন বারি-১২ জাতের বেগুন চাষে বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মধ্যে নতুন আশার আলো জেগেছে। আকারে বড়, সুস্বাদু ও অধিক ফলনশীল হওয়ায় অল্প সময়ে ভালো লাভ পাচ্ছেন চাষিরা।

ফকিরহাট উপজেলার মৌভোগ নলধা গ্রামের কৃষক মো. কাজী আল মাসুদ এ বছর ৩৩ শতাংশ জমিতে প্রায় এক হাজার বারি-১২ বেগুনের চারা রোপণ করেছেন। প্রতিটি গাছে গড়ে ১২-১৫ কেজি বেগুন উৎপাদন হচ্ছে।

ইতোমধ্যে তিনি প্রায় ৫০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন এবং চলতি মৌসুমে আরও ৭০-৮০ হাজার টাকার বিক্রির আশা করছেন।

কৃষক মো. কাজী আল মাসুদ বলেন, গত বছর পরীক্ষামূলকভাবে ১০০টি চারা রোপণ করি। ফলন ও বাজারদর ভালো পাওয়ায় এবার এক হাজার চারা রোপণ করেছি। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করলে ফলনও ভালো হচ্ছে। এলাকার অন্যান্য কৃষকও তার সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন।

নবী হাওলাদার বলেন, পাশের জমিতে বারি-১২ বেগুনের ভালো ফলন দেখে আগামী মৌসুমে আমিও এই জাতের বেগুন চাষের পরিকল্পনা করছি।

ফকিরহাট উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রত্না রায় জানান, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. তৌহিদুল আরও বলেন, এ বছর প্রায় ১১০ হেক্টর জমিতে বারি-১২ বেগুনের বাণিজ্যিক চাষ হচ্ছে।

প্রতিটি বেগুনের ওজন ১-১.৫ কেজি। ফলন বেশি এবং বাজারদর ভালো হওয়ায় চাষে আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে এই লাভজনক চাষকে উৎসাহিত করছে।