ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সুন্দরবনে হরিণ ধরার ফাঁদে আটকা পড়েছে রয়েল বেঙ্গল টাইগার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১২:৩০ এএম
সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়েছে রয়েল বেঙ্গল টাইগার। ছবি : সংগৃহীত

বাগেরহাট জেলার মোংলার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে শিকারিদের পাতা হরিণ ধরার ফাঁদে আটকা পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন শরকির খাল এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (৪ জানুয়ারি) সকালে বাঘটিকে অক্ষত অবস্থায় উদ্ধারে বিশেষজ্ঞ দল নিয়ে চূড়ান্ত অভিযান শুরু করবে বনবিভাগ।

বনবিভাগ সূত্রে জানা গেছে, মোংলার বৈদ্যমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড় থেকে প্রায় আধা কিলোমিটার বনের অভ্যন্তরে হরিণ শিকারের উদ্দেশ্যে চোরা শিকারিরা ফাঁদ পেতেছিল। শনিবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে বনবিভাগ খবর পায় যে, সেই ফাঁদে একটি বাঘ আটকে পড়েছে। খবর পেয়ে দ্রুত বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার পর থেকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং বাঘটিকে উত্তেজিত হওয়া থেকে রক্ষা করতে পুরো এলাকা কর্ডন বা ঘেরাও করে রেখেছে বনবিভাগ।

চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস বলেন, বাঘটি যেন ভয় পেয়ে লোকালয়ের দিকে না আসে এবং অন্য কেউ যেন সেখানে প্রবেশ করতে না পারে, সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। পরিস্থিতি বুঝে শনিবার গভীর রাতে ফাঁকা গুলি ছুড়ে বাঘটিকে আতঙ্কিত করে ফাঁদ থেকে সরানোর প্রাথমিক চেষ্টা করার কথা থাকলেও মূল উদ্ধার কাজ সকালেই শুরু হচ্ছে।

তিনি বলেন, উদ্ধার প্রক্রিয়া ও চিকিৎসা বাঘটিকে নিরাপদে অবশ করার জন্য ঢাকা থেকে একজন অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। রোববার সকালে তিনি পৌঁছানোর পর ‘ট্র্যাঙ্কুলাইজার’ বা চেতনানাশক ইনজেকশন ব্যবহারের মাধ্যমে বাঘটিকে অচেতন করা হবে। ‘ট্র্যাঙ্কুলাইজার’ করার পর বাঘটি আধা ঘণ্টা অচেতন থাকবে। তখন সেটিকে ফাঁদ থেকে ছাড়ানো হবে। এছাড়া বাঘটি যদি অন্য কোনও আঘাতে অসুস্থ হয়ে থাকে তাহলে সেটি উদ্ধার করে লোহার খাঁচায় বন্দী করে খুলনা কিংবা ঢাকায় বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।