সুন্দরবনের পর্যটনবাহী নৌযান মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের পুলিশ সুপার রিফাতুল ইসলাম ও থানার ওসি শাহীনুর রহমানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নৌযান মালিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।
এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ডিজি শিপিংয়ের (নৌপরিবহন অধিদপ্তর) হয়রানির প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন নৌযান মালিকরা। সেই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে ডিজি শিপিংয়ের কর্মকর্তারা নৌযান মালিকদের পূর্ব থেকে নোটিশ ছাড়া কোনো অভিযান পরিচালনা ও হয়রানি করবেন না বলে আশ্বস্ত করা হয়।
ফলে নৌযান মালিকরা তাদের চলমান ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই গত রোববার ডিজি শিপিংয়ের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় অন্তত ৩০টি জালিবোটের উপরের অংশের (ছাদ) অবকাঠামো ভেঙে ও কেটে আসবাবপত্র নিয়ে যায়। এ ছাড়া জরিমানাও করেন।
এ ঘটনার প্রতিবাদে নৌযান মালিকেরা সোমবার ভোর থেকে ধর্মঘটের ডাক দেয়।
এ ছাড়া এর প্রতিকার চেয়ে বোট মালিকপক্ষ মঙ্গলবার স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়।


