বাগেরহাটের মোংলায় বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রস্তুতকৃত খাবার লুট ও নষ্ট করা হয়। হামলায় অন্তত দুই জন আহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মোংলা থানা থেকে ২০ ফিট দূরে হেলিপ্যাড মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলকে কেন্দ্র করে হামলার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানটির আয়োজন করা হয় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এম. এ. এইচ. সেলিমের সার্বিক তত্ত্বাবধানে। তিনি বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোয়া মাহফিল শুরুর আগেই সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করে নিয়ে যায় এবং অনেক খাবার নষ্ট করে ফেলে। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে প্রায় ছয় হাজার মানুষের জন্য খাবারের আয়োজন ছিল।
হামলার সময় বাধা দিতে গেলে দুই জন ব্যক্তি শারীরিকভাবে আহত হন। এ ছাড়া ঘটনাস্থলে থাকা ডেকোরেটর মালিক ও বাবুর্চিদের হুমকি-ধামকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত মাইনুল বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। দোয়া মাহফিল বানচাল করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।’
রামপাল উপজেলার ৬ নম্বর হুড়কা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সহসভাপতি ছোবহান মোল্লা জানান, হামলার সময় জীবন বাঁচাতে আমি মোবাইল ফোন ফেলে থানার ভেতরে আশ্রয় নিই। পরে পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে মোংলা থানার ওসি মো. শাহিনুর রহমান বলেন, ‘আমার স্যারেরা এসেছেন, সেখানে ব্যস্ত আছি।’



