অস্ত্র, গুলি ও মাদকসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (১৯ জানুয়ারি) সকালে খুলনার বাঘমারা এলাকার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫)। তাদের বাড়ি খুলনার বাঘমারা এলাকায়।
কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা খুলনার বাঘমারা কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত শাকিল আহমেদ ও তরিকুল ইসলাম তৌহিদকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি সাত পয়েন্ট ৬৫ মি.মি. পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
জব্দকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান আরও বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


