অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ডাকাত সহযোগী রাসেল হাওলাদার (৪০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলের জন্য অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার থেকে তাকে আটক করা হয়েছে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই এলাকার যৌথ অভিযান চালিয়ে করিম শরীফের আরেক সহযোগী মোশাররফের কাঠের বোট থেকে দুটি একনলা বন্দুক এবং আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘আটককৃত ডাকাত সহযোগী ও জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’



