ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস দখল ও প্রচারে বাধার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদের নির্বাচনি কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া ও কর্মীদের হুমকি দেওয়া এবং স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের ‘ঘোড়া’ প্রতীকের অফিস দখল নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযোগ করেন জামায়াতে ইসলামী প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ নিজেই।

তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনি এলাকায় আমার কর্মীরা যখন সাধারণ মানুষের কাছে যাচ্ছে, তখন একটি মহল পরিকল্পিতভাবে তাদের পথরোধ করছে। বিশেষ করে আমাদের কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে যাতে তারা মাঠে নামতে না পারে।’

তিনি আরও বলেন, ‘সরাসরি আমাকে বাধা না দিলেও আমার কর্মীদের কাজ করতে বাধা দিয়ে নির্বাচনি কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এর ফলে সাধারণ ভোটারদের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে বলে তিনি দাবি করেন।’

তিনি বলেন, ‘আমি চাই, প্রতিটি কর্মী নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারে।’

স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম বলেন, ‘প্রথমে আমাদের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় আমরা মামলা করি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু এরপরও পুনরায় আমাদের কার্যালয়ের তালা ভেঙে তারা তাদের নিজস্ব তালা লাগিয়ে দেয়।’

বাগেরহাট সদর মডেল থানা অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’