বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের উদ্যোগে বাগেরহাট কোর্ট চত্বর ও বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় কোর্ট চত্বর থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরবর্তীতে জেলা ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। মাসব্যাপী চলমান এ কর্মসূচির আওতায় হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম সমাদ্দার, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ দলীয় নেতাকর্মীরা।
শেখ মনজুরুল হক রাহাদ বলেন, জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ রোগীদের দ্রুত আরোগ্য লাভে সহায়ক ভূমিকা রাখে। তিনি এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগে সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং হাসপাতালের সেবার মান ও পরিবেশ আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন