ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলেন আদালত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৭:১৯ পিএম
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন।

বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের দায়ের করা আবেদনের শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট হাসানুল আলম। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট গাজী মোস্তাক এবং অ্যাডভোকেট হাসানুল আলম।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।

চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট এই তিন উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৪৭টি ভোটকেন্দ্র ছিল। নির্বাচনের ফল ঘোষণার পর কয়েকটি কেন্দ্রের ফলাফল নিয়ে আপত্তি জানান বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ। তিনি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আদালত ভোট পুনর্গণনার নির্দেশ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আব্দুল আলিম জয়ী হন। অন্যদিকে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন।