আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে কোস্টগার্ড। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল, যৌথ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে কোস্টগার্ড পশ্চিম জোন খুলনার রূপসা, কয়রা ও নলিয়ান, বাগেরহাটের মোংলা ও শরণখোলা এবং সাতক্ষীরার কৈখালী এলাকার গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া-ফেরিঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এসব স্থানে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছে। ফলে ঈদযাত্রায় যাত্রীদের নৌপথে নিরাপদ ভ্রমণ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোস্টগার্ডের এ কার্যক্রম দিনরাত ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে এবং ঈদের পরও যাত্রীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে এ কার্যক্রম চলমান থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন