বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে টানা অতিবৃষ্টির কারণে ভয়াবহ পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো লামা।
বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া (পাগলির জিরি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতভর ভারি বৃষ্টির পর হঠাৎ পাশের পাহাড়ের একটি অংশ ধসে একটি বসতঘরের ওপর এসে পড়ে। এ সময় ঘরের সবাই ঘুমিয়ে ছিলেন। মুহূর্তেই ঘরটি মাটিচাপা পড়ে গেলে ঘটনাস্থলেই শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
এ মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। টানা বর্ষণে পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় প্রশাসন পাহাড়ধসপ্রবণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিচয় এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান।

