কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় পাহাড় ধসে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে টানা বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটে। পাহাড়ের একটি অংশ ধসে বসতঘরের ওপর পড়লে ঘুমন্ত অবস্থায় চাপা পড়েন তারা।
নিহতরা হলেন তৌসিফ (১২), পিতা- আব্দুল মজিদ এবং রুমি আক্তার (১৭), পিতা- মৃত কাজল।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে পাহাড় ধসের পর আশপাশের লোকজন উদ্ধারকাজে অংশ নেন। ধ্বংসস্তূপ সরিয়ে দুজনকে উদ্ধার করা হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
রাতের সময় হওয়ায় প্রশাসনের কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। স্থানীয়রা জানান, বিষয়টি সকালে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসাইন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

