আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরগুনার বেতাগীতে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্বাচনি আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণভোট—উভয়ই রাষ্ট্র ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।’
সভায় নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে উপজেলার ভোটকেন্দ্রগুলোর বর্তমান অবস্থা, যাতায়াত ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে উপকূলীয় জনপদ হওয়ায় নির্বাচনের সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী এবং নৌ-বাহিনীর কর্মকর্তা শামীউল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন খান। তিনি জানান, নির্বাচনের আগে ও পরে যেকোনো ধরনের সহিংসতা রোধে পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ টহল জোরদার থাকবে।
এ ছাড়া আলোচনায় অংশ নেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন শিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওহিদুর রহমান এবং উপজেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান। বক্তারা নির্বাচনী সরঞ্জাম পরিবহন এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা দ্রুত আয়োজনের বিষয়ে মতামত দেন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



