ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোট দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না : নজরুল ইসলাম মোল্লা

তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:৪৮ এএম
বিএনপির জনসভায় বক্তব্য রাখছেন নজরুল ইসলাম মোল্লা। ছবি : রূপালী বাংলাদেশ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতির কঠোর সমালোচনা করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেছেন, ভোট দিয়ে কেউ জান্নাতে যেতে পারে না। জান্নাতে যেতে হলে রাসুল (সা.)-এর দেখানো পথে কুরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে হয়। ঈমান ও আমল ঠিক না থাকলে কবরেও জান্নাত নিশ্চিত হবে না।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মোল্লা বলেন, কিছু রাজনৈতিক দল ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে এবং ভোট আদায়ের জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ ধরনের রাজনীতি মানুষকে প্রকৃত ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

তিনি বলেন, ২০০১ সালের উপনির্বাচনের পর বিএনপি সরকার গঠিত হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উদ্যোগে অবহেলিত তালতলীতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছিল। আমতলী–তালতলী সড়ক, অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ উন্নয়ন এবং বিদ্যুৎ সুবিধা সেই সময়েই বাস্তবায়িত হয়। সাবেক বিএনপি সংসদ সদস্য মরহুম মতিউর রহমান তালুকদারের হাত ধরেই তালতলীর উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল।

বর্তমান সময়ের চিত্র তুলে ধরে তিনি অভিযোগ করেন, গত ২১ বছরে তালতলীতে দৃশ্যমান কোনো বড় উন্নয়ন হয়নি। মানুষ এখনো মৌলিক সেবা থেকে বঞ্চিত রয়েছে।

বিএনপি ক্ষমতায় এলে তালতলীকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করে নজরুল ইসলাম মোল্লা বলেন, তারেক রহমানের নেতৃত্বে তালতলীর রাস্তাঘাট উন্নয়ন করা হবে, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন করা হবে এবং ম্যাজিস্ট্রেট কোর্ট চালু করা হবে। ইনশাআল্লাহ এসব উন্নয়ন বিএনপিই বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, সরকারি দলের একজন সংসদ সদস্য পাঁচ বছরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করতে পারেন, অথচ বিরোধী দলের সংসদ সদস্যের পক্ষে পাঁচ লাখ টাকার কাজ করাও সম্ভব হয় না। প্রকৃত উন্নয়ন চাইলে ধানের শীষের পক্ষেই থাকতে হবে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন এবং সাধারণ মানুষকেও ভোট দেওয়ার আহ্বান জানাবেন। মরহুম মতিউর রহমান তালুকদারের রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজ ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে সোনাকাটা ইউনিয়নকে নতুন করে সাজানো হবে, তালতলীতে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে এবং ডিসি পয়েন্টকে আধুনিক রূপ দেওয়া হবে।

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় প্রায় ১৫ হাজার মানুষ অংশ নেন। এতে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।