বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেছেন, ‘একটি দল মানুষ মারা যাওয়ার আগেই জান্নাতের টিকিট বিক্রি করে। মানুষের হায়াত থাকতে মারে, আর মারা যাওয়ার আগেই জান্নাতের টিকিট বিক্রি করে। জান্নাত পেতে কি আগে মারা যেতে হবে না ভাই? এরা হায়াত থাকতে মেরেই জান্নাতের টিকিট দেয়।’
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পাথরঘাটা পৌর শহরের কে. এম. মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
সভায় নুরুল ইসলাম মনি বলেন, ‘আমি যদি চাঁদাবাজি করে থাকি, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন না। আর যদি চাঁদাবাজি না করে থাকি, তাহলে আপনাদের প্রতি আমার দাবি—আপনারা আমাকে ভোট দেবেন।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ সব নেতাকর্মী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখবেন। যারা চাঁদাবাজি করবে, তারা ১৩ ফেব্রুয়ারির পর আর এলাকায় থাকতে পারবে না। আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, চাঁদাবাজদের জায়গা আমার এলাকায় হবে না।’
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে নুরুল ইসলাম বলেন, ‘একটি দল হিন্দু সম্প্রদায়কে পুঁজি করে রাজনীতি করেছে। তারা ভেবেছিল হিন্দুরা শুধু তাদেরই। আজ আপনারা দেখেন, আমাদের এই জনসভায় হিন্দু সম্প্রদায়ের মানুষও উপস্থিত আছেন।’
সভায় আরও বক্তব্য দেন পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, সদস্য সচিব এম. কামরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব ইসমাইল হোসেন এসমে শিকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এরফান আহমেদ সোয়েনসহ বামনা ও বেতাগী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে নুরুল ইসলাম মনি বলেন, ‘আমার অনেক স্বপ্ন আছে। আমি এলাকার উন্নয়ন এবং জনগণকে নিয়ে ভাবি। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাথরঘাটায় একটি সমুদ্রবন্দর নির্মাণ করা হবে।’



